নির্ধারিত সময়ের মধ্যে যে নিবন্ধিত রাজনৈতিক দল বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি, তাদের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে হিসাব জমা না দিলে দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২২ আগস্ট) ইসির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গত ৩১ জুলাই ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় হয়ে ছিল। এ সময়ের মধ্যে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি, জামায়াতসহ ৩৮টি দল হিসাব জমা দিয়েছিল। আর ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছিল।

অন্যদিকে এনসিপিসহ সাতটি দল কোনো সাড়া দেয়নি। পরবর্তীতে গত ১৩ আগস্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৩ আগস্ট হিসাব জমা দেয়। আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

জানা যায়, সাড়া না দেওয়া দলগুলো মধ্যে রয়েছে- এনসিপি, জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এ দলগুলোকে সতর্ক করে চিঠি দেওয়া হতে পারে বলেও জানায় সূত্রটি।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, দলগুলোর সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

রাজনৈতিক দল নিবন্ধনের নিয়ম অনুযায়ী, কোনো দল পর পর তিনবার হিসান জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন।