আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। রাজধানীর মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৪ প্রশিক্ষণ পাঠ্যক্রমের অংশ হিসেবে গতকাল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন। পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণার্থী অফিসাররা বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।