চুয়াডাঙ্গায় সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে দুই বাংলাদেশীকে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জেলার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল (২০) ও বদুর ছেলে মানসিক প্রতিবন্ধী সাগর (১৬) এদিন বিকাল ৫টার দিকে ভারতের অভ্যন্তরে বিএসএফ কর্তৃক নির্মিত কাঁটাতারের বেড়া দেখার জন্য সীমান্তের ৮৪/৭২-টি খুঁটি ভুলবশত অতিক্রম করে। এ সময় কাদীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। বিষয়টি জানার পর তিনি নিজেই বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেন। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে ৮৪/৮৪-টি খুঁটির কাছে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ, বিজিবির কাছে ওই দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করে।