রাষ্ট্র মেরামতের লক্ষ্য নিয়ে ‘ভয়েস ফর রিফর্ম’ নামের নতুন একটি নাগরিক প্লাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘আত্মপ্রকাশ ও কর্মপরিকল্পনা ঘোষণা’ শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে প্লাটফর্মটি। সহ-আহ্বায়ক হিসেবে থাকছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভয়েস ফর রিফর্ম-এর উদ্যোগে ‘মেরামত আলাপ’ শীর্ষক ধারাবাহিক সংস্কার আলোচনা অনুষ্ঠিত হবে। যার প্রথম ধাপ শুরু হবে ৪ অক্টোবর থেকে।

প্লাটফর্মটির সহ-আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিনুর সুমি লিখিত বক্তব্যে জানান, ভয়েস ফর রিফর্ম এমন একটি সময়োপযোগী, নির্দলীয় ও মুক্তচিন্তার প্লাটফর্ম নিয়ে বাংলাদেশের সব শ্রেণী-পেশার মানুষের কাছে যেতে চায় যেখানে বিশেষজ্ঞ থেকে শুরু করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশপ্রমিক ও গণতন্ত্রকামী সব নাগরিক, বিশেষত আমাদের তরুণ প্রজন্ম তাদের বক্তব্য প্রদান এবং পরামর্শ দিতে পারবেন।

ভয়েস ফর রিফর্ম উদ্যোগের সহআহ্বায়ক হিসেবে থাকছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম, মানবাধিকার কর্মী অশোক বড়ুয়া, আইনজীবী ও গণমাধ্যমকর্মী মানজুর-আল-মতিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজিফা জান্নাত, মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর, প্রকাশক ও গবেষক মাহরুখ মহিউদ্দীন, অধিকারকর্মী ও গবেষক মুক্তাশ্রী চাকমা, গণমাধ্যম বিশেষজ্ঞ সাইয়ীদ কবীর, সাংবাদিক ও ইআরকি সম্পাদক সিমু নাসের, রাজনৈতিক কর্মী সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং শ্রম অধিকার কর্মী রুহুল আমিন।