দুর্নীতির ক্ষেত্রে
কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)। তিনি বলেন, যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। রোববার
(২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে
মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।
পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ঊর্ধ্বতন
পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টার উত্থাপিত প্রস্তাবসমূহ
পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের গ্রহণযোগ্য
সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি বলেন, পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলাভঙ্গ হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।










