মিরসরাইয়ে মা-বাবা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত জহির আহম্মদের ছেলে মো. মোস্তফা (৫৫), মোস্তফার স্ত্রী জোসনা আরা (৪৫) ও তার ছোট ছেলে আহম্মদ হোসেন (২৫)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মোস্তফার বড় ছেলে ছাদেককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, গতকাল ভোরে ঘরের ছাদের ওপর উঠে মোস্তফার বড় ছেলে ঘরে ডাকাত ঢুকেছে বলে চিৎকার করে। কিন্তু স্থানীয়রা বাড়ির ভেতরে ঢুকে কোনো ডাকাত দেখতে পায়নি। ঘরে প্রবেশ করে তারা মোস্তফা, তার স্ত্রী ও ছোট ছেলের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। এছাড়া বড় ছেলে ছাদেকের গায়ে রক্ত লেগে ছিল। পরে পুলিশ ছাদেককে আটক করে নিয়ে যায়।

মিরসরাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ জানান, এটি কোনো ডাকাতির ঘটনা নয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোস্তফার বড় ছেলের ছাদেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।