রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে এক সপ্তাহ আগে টাস্কফোর্স কমিটির সঙ্গে বৈঠক করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ওই বৈঠকের সিদ্ধান্তে জেলায় গরুর মাংস খুচরা পর্যায়ে ৭০০ টাকা বিক্রির নির্দেশনা দেয়া হয়েছিল। বৈঠকের পরদিন ১২ মার্চ থেকে গতকাল পর্যন্ত জেলা শহরে গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রোতারা।
যদিও রমজান উপলক্ষে জেলা শহরের বেশির ভাগ খাবার হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় মাংসের চাহিদা কিছুটা কমেছে। তবে কেবলমাত্র জেলা শহরে মাংস বিক্রি বন্ধ থাকলেও উপজেলা পর্যায়ে গরুর মাংস বিক্রির খবর পাওয়া গেছে।
দেশের বিভিন্ন স্থানে গরুর মাংসের কেজি ৬০০-৬৫০ টাকায় বিক্রি হলেও রাঙ্গামাটি জেলায় ৭০০ টাকা নির্ধারণ করা হয়। বৈঠকে সিদ্ধান্তের পরদিন থেকে শহরের বনরূপা, রিজার্ভবাজারসহ অন্যান্য বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ৭০০ টাকায় জেলা শহরের গরুর মাংস বিক্রি করে লাভ হবে না।










