কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা সবাই মিলে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিলেট, যশোর ও টাঙ্গাইলে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কক্সবাজার: কুমিল্লা থেকে মাইক্রোবাসে একটি পরিবারের কয়েকজন কক্সবাজার যাচ্ছিল। মাইক্রোবাসটি হাঁসেরদিঘী ঢালায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের পাঁচজন।
নিহতরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকার এনামুল হকের স্ত্রী রুমেনা বেগম (৬০), তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া হক (২৪), রুমেনার ছেলে আমিনুল হকের স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৫), ফারজানার মা রিজওয়ানা ইসলাম (৫০) ও ফারজানার বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারহানা মজুমদার (২৪)। আহতরা হলেন এনামুল হক, তার ছেলে আমিনুল হক ও তার শিশুসন্তান সাদমান (৬)।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে তিনজন ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন মারা যান। অন্য তিনজন চিকিৎসাধীন আছেন। নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন নিহত রুমানা আকতারের ছেলে মুনীরুল হক। মরদেহগুলো বর্তমানে মালুমঘাট হাইওয়ে থানায় রয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সিলেট: নগরের খাদিমনগর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে শাহপরান থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।
যশোর: জেলার মনিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ও বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের প্রভাষক রণজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)।
টাঙ্গাইল: জেলার কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ইছাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার (৩৯) কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।










