ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার দুজনকে দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, এটি বহুবার বলেছি যে, মামলাটি এখন সিআইডির কাছে আছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।

প্রসঙ্গত, হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গত ৮ মার্চ গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ৪ দিন রিমান্ড শেষে রবিবার তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।