কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) জব্দ করেছে বিজিবি। জব্দ করা এসব বড়ির মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ সময় ১০০ লিটার ডিজেলও আটক করে বিজিবি।

বিজিবি ও জয়মনিরহাট শুল্ক গুদাম সূত্রে জানা যায়, রংপুর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে কুড়িগ্রাম-২২বিজিবির অধীনে মাদারগঞ্জ বিওপি ক্যাম্প সদস্যরা এসব ওষুধ ও ডিজেল জব্দ করেন।

মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে বল্লভেরখাস ইউনিয়নের জালিয়ার চর এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল জব্দ করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গঙ্গাধর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় ৯৯ হাজার ৯০০ পাতা জন্মনিয়ন্ত্রণ বড়ি উদ্ধার করা হয়। যার মূল্যমান ৫৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা। এসব বড়ির পাতা ১০টি বস্তায় প্যাকেট করা ছিল। অন্যদিকে চারটি ছোট ড্রামে পাওয়া যায় ১০০ লিটার ডিজেল। যার বাজারমূল্য ৮ হাজার টাকা। আটক বড়ি ও ডিজেল বুধবার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে জমা দেয়া হয়।

কুড়িগ্রামের ২২বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া জন্মনিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত সবকিছু জয়মনিরহাট শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ বিজিবি কর্তৃক জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা শেষে জব্দকৃত এসব ওষুধ ধ্বংস করার ব্যবস্থা নেয়া হবে।