দেশের অন্যতম বৃহৎ মিঠা পানির মাছ উৎপাদনকারী এ অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি কৌশলগত মাছ সংগ্রহ ও বিতরণ কেন্দ্র স্থাপন করেছে।
গতকাল প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ কেন্দ্রের মাধ্যমে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে সেবা দেয়া হবে। এর ফলে চাষীদের কাছ থেকে আরো সহজে মাছ সংগ্রহ করে পাইকারি ও খুচরা বাজারে দ্রুত সরবরাহ করা সম্ভব হবে।
মুহুরী মাছ চাষ অঞ্চলটি চট্টগ্রামের মিরসরাই এবং ফেনী জেলার কিছু অংশজুড়ে বিস্তৃত। প্রায় ২০ হাজার একর জলাশয়ে প্রায় পাঁচ হাজার মাছচাষী বছরে প্রায় এক লাখ টন মাছ উৎপাদন করেন। চট্টগ্রাম অঞ্চলের মিঠা পানির মাছের চাহিদার প্রায় ৭০ শতাংশই এ অঞ্চল থেকে পূরণ হয়। ফলে মাছ সংগ্রহের ক্ষেত্রে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।
মোকাম ফিশের বিজনেস হেড মোহাম্মদ হাসান জুলকারনাইন বলেন, ‘এখানে কার্যক্রম শুরু করায় আমাদের সরবরাহ ব্যবস্থা আরো দক্ষ ও নির্ভরযোগ্য হবে।’
চাষী ও স্থানীয় অংশীদারদের সঙ্গে সরাসরি কাজের মাধ্যমে আমরা বাজারের সুযোগ সম্প্রসারণ করছি। একই সঙ্গে সঠিক ওজন, নির্ধারিত মূল্য ও সময়মতো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোকাম ফিশের নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে ১২১ কোটির বেশি টাকার মাছ বিক্রি হয়। বিশেষ করে পাঙাশ মাছের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি পাইকারি ও খুচরা বিক্রেতা, পরিবহনকর্মী ও সরবরাহকারীদেরসহ ছয় হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
শপআপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিজনেস-টু-বিজনেস (বিটুবি) কমার্স প্লাটফর্ম, যা ব্যবসাপ্রতিষ্ঠানকে সরবরাহ, লজিস্টিকস ও ডিজিটাল অবকাঠামোর সঙ্গে যুক্ত করে। ‘মোকাম ফিশ’ শপআপের বিশেষায়িত মাছ বিতরণ ব্যবসা, যা মাছচাষী ও সরবরাহকারীদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজারের সংযোগ স্থাপনে কাজ করছে।
বর্তমানে শপআপ ‘সিল্ক’র অংশ। শপআপ ও সৌদি আরবভিত্তিক সারি একীভূতকরণের মাধ্যমে গঠিত এ বিটুবি কমার্স ও ফিনটেক ইকোসিস্টেম সৌদি আরব ও দক্ষিণ এশিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল কার্যক্রম ও আর্থিক সেবা দিয়ে সহায়তা করছে।










