মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ ও তার স্ত্রী নারগিছ আক্তারের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের নামে ৩ কোটি ৪৮ লাখ ২২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
গতকাল দুদকের সহকারী পরিচালক আল-আমিন সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করেন। ভিপি শহীদ সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঠিকাদারি ও জমি বেচাকেনার মধ্যস্থতাও করেন।
মামলার এজাহারে অভিযোগ আনা হয়, শহীদুর রহমান জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৭২ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন, যা দুদক আইনের ২০০৪-এর ২৭(১) ধারায় অপরাধ।
আরেকটি মামলায় নারগিছ আক্তারকে প্রধান আসামি ও তার স্বামীকে দ্বিতীয় আসামি করা হয়। এজাহারে অভিযোগ আনা হয়, স্বামীর জ্ঞাত আয়বহির্ভূত আয়কে বৈধতা দিতে তিনি সহযোগিতা করেছেন। তিনি ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। দুদকে দাখিল করা বিবরণীতে ৩০ লাখ ৭৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।










