হত্যা, চাঁদাবাজি সহ কয়েক ডজন প্রতারণা মামলার আসামি সিকদার লিটন (৪৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মঞ্জুর হোসেন বুলবুলের এপিএস ছিলেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে ফরিদপুর শহর থেকে লিটনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এম মামুনুর রশিদ ও উপ-পরিদর্শক (এসআই) আজিজের নেতৃত্বে একটি দল সিকদার লিটনকে গ্রেফতার করে।

আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন এমপির ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িত ছিলেন সিকদার লিটন। তার বিরুদ্ধে ঢাকায় ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যাচেষ্টা মামলা রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা বিস্ফোরক ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি তিনি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি বলেন, চাঁদাবাজির অভিযোগে সিকদার লিটনের বিরুদ্ধে কোতায়ালি থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ দুপুরে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।