জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০ ও ২০২১ সালের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের দেয়া হয়েছে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কৃতি শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
এবার অনুষদ ও ইনস্টিটিউটভিত্তিক সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড এবং বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ প্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থী ডিনস মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—২০২০ সেশনের কলা ও মানবিকী অনুষদের শিক্ষার্থী জহিন আক্তার (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, সিজিপিএ ৩.৯৬), গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আশরাফুল আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সৈয়দ মাহিন এবং ২০২১ সেশনের কলা ও মানবিকী অনুষদের শিক্ষার্থী এস এম মাহাফুজুর রহমান, গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. তাশরিফ বিন নৈর, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী উম্মুল মোমেনীন কোয়েলী, জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ফাহজাবিন তৃষা, বিজনেস অনুষদের শিক্ষার্থী কে এম রিদ্বওয়ান রাশেদ, আইন ও বিচার অনুষদের শিক্ষার্থী মাশরুর রহমান মাহিন, আইবিএর শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসরুক, আইআইটির শিক্ষার্থী মনি আক্তার এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইনুন জারিয়া।
শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়ে জাবি উপাচার্য বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধার যে স্বাক্ষর রেখেছেন, কর্মজীবনেও তারা সফলতার মাধ্যমে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবেন। মেধার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মানুষ হতে হবে এবং নৈতিকভাবে আলোকিত কাজই তাদের জীবনের অংশ হওয়া উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।










