জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কেউ যদি তাদের মতো আচরণের চেষ্টা করে, আমরা পরিষ্কার বলতে চাই, কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আর বরদাশত করা হবে না।
তিনি বলেন, আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আট দলের বিজয়ও চাচ্ছি না। আমরা দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে, ইনশাআল্লাহ। গ্রাম থেকে বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে পাঁচ দফা দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন আট দলের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফতে মজলিশের আমির মাওলানা মামুনুল হকসহ আট দলের শীর্ষ নেতারা।
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং আওয়ামী লীগের সব অপকর্মের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আট দলের মধ্যে রয়েছে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত আন্দোলন ও ডেভেলপমেন্ট পার্টি।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। দেশের মানুষ নির্যাতন, অবিচারের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। দেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল।










