দুই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থেকেও বিএনপি তথা খালেদা জিয়া কেন জিয়াউর রহমান হত্যার বিচার করেননি, সে প্রশ্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৩০ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গুলশান টেরাসে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন।
মন্ত্রী বলেন, বিএনপি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে নানা বক্তব্য দেয়। কিন্তু তারা ক্ষমতায় থেকেও এ হত্যার বিচার করেনি বরং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।
ফলে জিয়া হত্যায় তার কাছের ও পরিবারের কারো হাত ছিল কিনা সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়া হত্যায় তার পরিবার যেভাবে লাভবান হয়েছিল তা নজিরবিহীন। বেগম জিয়া পেয়েছিলেন ৭ একর জমির ওপর বাড়ি ও বিপুল ব্যাংক সুবিধা আর জাতিকে দেখানো জিয়াউর রহমানের ভাঙা ব্রিফকেস থেকে পরে বেরিয়ে এসেছিল বহু জাহাজ ও ব্যবসা-বাণিজ্য।
এ সময় বার বার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে জনগণের জন্য সংগ্রামে অবিচল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে ও দেশের বিরুদ্ধে অপপ্রচার রুখতে সবাইকে তৎপর ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আজমলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। এছাড়া যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নিজাম চৌধুরী, ফজলুর রহমান প্রমুখ।










