জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া।
সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা ও সমন্বয়, প্রশিক্ষণ কার্যক্রমের অর্থায়ন, সনদায়নের মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ নীতিগত আলোচনা হয়।
সভায় এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ও কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যরা দক্ষতা প্রশিক্ষণে দ্বৈততা নিরসন, শিল্প দক্ষতা পরিষদের (আইএসসি) প্রতিনিধি নির্বাচন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক মতামত দেন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর ও সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।








