দুই
পদে তিন কর্মকর্তা নিয়ে বিপাকে পড়েছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কর্তৃপক্ষ। হিসাবরক্ষণ কর্মকর্তার পদ শূন্য না
থাকলেও একজন কর্মকর্তাকে ওই পদে বদলি
করায় এমন সংকট তৈরি হয়েছে। এতে মাসুদুর রহমান নামের ওই কর্মকর্তার যোগদান
নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বিষয়টি সুরাহার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাসিক সূত্রে জানা গেছে, মাসুদুর রহমানকে সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশন থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে গাসিকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম গত ১১ জুলাই তাকে বদলির আদেশ দেন। বদলির আদেশে তার মূল কর্মস্থল হিসেবে গাজীপুর পৌরসভাকে উল্লেখ করা হয়েছে, যা বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে উন্নীত হয়েছে।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের জনবল কাঠামোয় (অর্গানোগ্রামে) হিসাবরক্ষণ কর্মকর্তার দুটি পদ রয়েছে। বর্তমানে দুজন হিসাবরক্ষণ কর্মকর্তাই কর্মরত আছেন। কিন্তু এখানে পদ খালি না থাকা সত্ত্বেও কুমিল্লা সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমানকে গাসিকে বদলি করা হয়। কিন্তু হিসাবরক্ষণ কর্মকর্তার পদ খালি না থাকায় তার যোগদানপত্র গ্রহণ করতে পারছে না কর্তৃপক্ষ।
মাসুদুর রহমান গত ২৮ জুলাই গাজীপুর সিটি করপোরেশনে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যোগদানপত্র দাখিল করেছেন। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে তার নিয়োগপত্র গ্রহণ করতে তিনি নগর ভবনে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নানাভাবে চাপ প্রয়োগ ও হুমকি দিয়েছেন।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃক গঠিত একটি তদন্ত কমিটি এসব অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনও দাখিল করেছে। এ প্রতিবেদন অনুযায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য গত ১১ জুলাই মন্ত্রণালয় থেকে একটি আদেশ দেয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’










