আগামী অর্থবছরে দেশে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বাড়ছে দুই লাখ। এ খাতে ৪ হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত অর্থবিলে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী জানান, আগামী অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দুই লাখ বৃদ্ধি করে ৬০ লাখ ১ হাজার জনে উন্নীত করা হবে। এ বাবদ ৪ হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর সংখ্যা বিদ্যমান ২৫ লাখ ৭৫ হাজার থেকে বৃদ্ধি করে ২৭ লাখ ৭৫ হাজার জনে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরো জানান, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় সব শ্রেণির বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০২১-২২ অর্থবছরে ন্যূনতম ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ১১ হাজার ৫৭টি বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে।