গ্রামীণ ইউগ্লেনার গেনকি প্রোগ্রামের ১০ম বার্ষিকী উদযাপিত হয়েছে। বিভিন্ন স্কুলের ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশগ্রহণে এ অনুষ্ঠান উদযাপন করার কথা জানিয়েছে ইউনূস সেন্টার। 

গত ২৮ মে ইউগ্লেনা কোং লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা জাপানের বিশিষ্ট শিল্পপতি মিৎসুরু ইজুমোর সভাপতিত্বে এ অনুষ্ঠান উদযাপিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা। বাংলাদেশে জাপান দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ অনুষ্ঠানে জাইকা ও জেট্রোর প্রধানরাও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামাও বলেন, গেনকি প্রোগ্রাম শুধুমাত্র শিশুদের পুষ্টির উন্নতিই করেনি বরং স্কুলে উপস্থিতি এবং শিক্ষার প্রতি মনোযোগও বৃদ্ধি করেছে। গেনকি প্রোগ্রাম ছাড়াও তিনি উল্লেখযোগ্যভাবে ইউগ্লেনা গ্রুপের কার্যক্রম, ডব্লিউএফপির সঙ্গে গ্রামীণ ইউগ্লেনার সহযোগিতা, জাপান সরকার, ডব্লিউএফপি ও ইউগ্লেনা গ্রুপ এবং গ্রামীণ ইউগ্লেনার অংশগ্রহণে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার কথা উল্লেখ করেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস তার বক্তৃতায় মিৎসুরু ইজুমোর জীবনের শুরুতে একটি অণুজীব আবিষ্কারের জন্য সংগ্রাম ইউগ্লেনা কোং লিমিটেড প্রতিষ্ঠা এবং বাংলাদেশে গেনকি  প্রোগ্রাম চালু করার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, এটি অঙ্গীকারের গল্প, উৎসর্গের গল্প এবং স্বীকৃতির গল্প। সেইসঙ্গে তিনি থ্রি জিরোর দৃষ্টিভঙ্গি এবং একটি জিরো ওয়েস্ট জেনারেশন তৈরি করার জন্য সবাইকে উৎসাহিত করেন। এছাড়াও তিনি থ্রি জিরো ক্লাব তৈরি করে একটি স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন।

উল্লেখ্য, বাংলাদেশের শিশুদের পুষ্টির উন্নতির জন্য নিবেদিত গেনকি প্রোগ্রাম জাপানের ইউগ্লেনা কোং লিমিটেড এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ।