আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, কেউ যদি নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন দুর্বলতার পরিচয় দেয়, তাহলে নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ-আন্দোলন ঘটতে পারে। রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রার্থীদের ‘যেভাবেই হোক জেতা’ মানসিকতা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। প্রশাসন ও রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব, অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নতুন আন্দোলনের ঝুঁকি তৈরি হবে।
এবি পার্টির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, মাঠপর্যায়ে নির্বাচন কমিশনের নির্দেশনার বাস্তবায়নে অসামঞ্জস্য রয়েছে। অনেক এলাকায় পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশনা মানা হয়নি। কোথাও রিটার্নিং কর্মকর্তারা কঠোর অবস্থান নিলেও অনেক জায়গায় প্রশাসন দৃঢ় ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। একেক এলাকায় একেকভাবে নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়।
সহিংসতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বরিশালে আমাদের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা হয়েছে, ফেনীতেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর আক্রমণ হয়েছে। অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”
নিজের নির্বাচনী আসন ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজি) এর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ৪ আগস্ট সাতজন প্রাণ হারিয়েছে, এরপর দুটি থানায় অস্ত্র লুট হয়েছে। এরপর ডেভিল হান্টের দুটি ফেজ চললেওএখনো কার্যকর অস্ত্র উদ্ধার অভিযান হয়নি। সেজন্য এটি খুবই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে আমরা বিশেষ অভিযানের দাবি জানিয়েছি।










