একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬২ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের। গতদিনের তুলনায় শনাক্ত কমলেও বেড়েছে ‍মৃত্যু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয় শিশুর পাঁচটি ঢাকা বিভাগের, একটি খুলনার। এ সময়ে সর্বোচ্চ ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ২১ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর সবচেয়ে কম একজন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৬৮ জনের মধ্যে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬২ জন, যার মধ্যে ৩৫৭ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (২২)।

এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন ও চট্টগ্রাম বিভাগে ১২০ জন হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১ শিশুর।