সারা দেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কার্যক্রম কিছু দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ঢাকা মেডিকেল কলেজ ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। কলেজের পক্ষ থেকে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ডা. মাজহারুল শাহিন বলেন, দেশজুড়ে ভূমিকম্প নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনও হলে রয়েছেন। অধ্যক্ষের ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পরীক্ষা যেহেতু বন্ধ, তাই পাঁচ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। সবাই একটু প্যানিকড, বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালে ভালো লাগবে।