জাতীয় নাগরিক কমিটি সাভার থানার প্রতিনিধি জুলকারনাইনকে মধ্য রাতে তুলে নেয়া ও প্রতিনিধি সেজুতি হোসাইনের বাসায় গিয়ে হয়রানি করার প্রতিবাদে গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাভার ইয়ামিন চত্ত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে সাভারের নাগরিক প্রতিনিধি এরকম হয়রানি ও নির্যাতনের জন্য ক্ষোভ প্রকাশ এবং প্রতিবাদ করেন।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা এসিল্যান্ড রাসেল নুরের অপসারণের দাবিতে আন্দোলন করায় জাতীয় নাগরিক কমিটির সাভার থানার প্রতিনিধি জুলকারনাইনকে মধ্য রাতে আওয়ামী স্টাইলে তুলে নেয়া ও প্রতিনিধি সেজুতি হোসাইনের বাসায় গিয়ে হয়রানি করার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত, শেখ তাসনিম আফরোজ ইমি, সাদিয়া ফারজানা দিনা, সাইফুল্লাহ হায়দার, আরিফুল ইসলাম আদিব ও আতাউল্লাহ।

অনুষ্ঠানে ফয়সাল মাহমুদ শান্ত বলেন, এই মাটিতে ইয়ামিনের রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেই মাটিতে ফ্যাসিবাদের দোসরের বিরুদ্ধে কথা বলায় যদি এখনো নির্যাতিত হতে হয় এটা শহীদ আহতদের সঙ্গে বেইমানি।

শেখ ইমি বলেন, আওয়ামী মদদপুষ্ট প্রসাশনে এখনো যারা আছে তারা যেন বাধ্য না করে আমাদের আবার রাস্তায় আসতে।

মশাল মিছিলটি ইয়ামিন চত্ত্বর থেকে শুরু হয়ে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।