গুটিকয়েক অলিগার্ককে ব্যবসাসহ সর্বত্র সুবিধা দিতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ বাজেট প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বাজেট তো বাংলাদেশের গুটিকয়েক অলিগার্কের জন্য। এদের ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য বাজেট। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই এখানে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে। তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে।’
গতকাল এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এ বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রে অবস্থান করা আমীর খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্যাংকিং সেক্টর খালি করে ফেলছে, বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ, ফরেন কারেন্সির অবস্থা খারাপ। মানে যে রিসোর্সগুলোর ওপর ভিত্তি করে বাজেট হয়, বাংলাদেশে তো আজকে সেগুলো অনুপস্থিত। একদিকে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেয়ার, অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলছে চুরি, দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে। বাংলাদেশের তহবিল খালি, রিজার্ভ খালির পথে, তারপর ব্যাংকগুলো সব লুটপাট করে টাকা সব নিয়ে গেছে, শেয়ারবাজার ধ্বংস করে দিয়েছে।’










