করে টানা দ্বিতীয়বারের মতো ‘ফিফা বর্ষসেরা’ (বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অব দ্য ইয়ার) পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি। পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ও লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি।
সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়।
২০১৬ সালে ফিফার পুরস্কারটি চালু হওয়ার পর প্রথম দুবার জয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৮ সালে জেতেন রিয়াল মাদ্রিদের লুকা মদরিচ। পরেরবার বিশ্বমুকুট পান তখন বার্সায় খেলা মেসি। এরপর টানা দুবার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করলেন লেভা।
এদিকে ফিফা বর্ষসেরা কোচের (পুরুষ) পুরস্কার জিতেছেন চেলসির টমাস টুখেল। বর্ষসেরা নারী কোচ চেলসিরই এমা হায়েস। আর নারী বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেলাস। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক হওয়ায় রোনালদো পেয়েছেন ‘স্পেশাল অ্যাওয়ার্ড’।
বর্ষসেরা গোল ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন টটেনহ্যামের আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। এছাড়া ফিফা বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন চেলসির এডুয়ার্ড মেন্ডি। ‘দ্য বেস্ট ফিফা ফেয়ার প্লে’ পুরস্কার জিতেছে ডেনমার্ক জাতীয় দল ও তাদের স্টাফরা।










