দেশের নৌ-বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনাকে আরো আধুনিক ও গতিশীল করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) চালু করেছে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ বা সিপিএ এসকেওয়াই।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড রুমে এ আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর একটি পূর্ণাঙ্গ স্মার্ট পোর্ট ও পেপারলেস ব্যবস্থাপনার দিকে যাত্রা শুরু করল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. এ. মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, পোর্ট সিঙ্গেল উইন্ডো চালুর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমের গতি ৩ থেকে ৫ গুণ বৃদ্ধি পাবে। এর প্রভাব দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক ও বৈপ্লবিক পরিবর্তন আনবে।

নতুন এ ইউনিফাইড প্ল্যাটফর্মের মাধ্যমে বন্দরের পূর্ববর্তী বিচ্ছিন্ন ডিজিটাল সিস্টেমগুলো একীভূত হলো। সিপিএ এসকেওয়াই–এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—

  • সিঙ্গেল সাইন-অন: একটি লগইনের মাধ্যমেই সব সেবা গ্রহণ।
  • রিয়েল-টাইম মনিটরিং: ডিজিটাল রাডার ও অটোমেটেড ভেসেল ট্র্যাকার দিয়ে জাহাজের অবস্থান তাৎক্ষণিক পর্যবেক্ষণ।
  • দ্রুত কাস্টমস ও পোর্ট ক্লিয়ারেন্স: এক প্ল্যাটফর্ম থেকেই অনুমোদন ও কার্গো ক্লিয়ারেন্স।
  • ডাটা ইন্টিগ্রেশন: এনবিআর, ব্যাংক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সরাসরি তথ্য আদান-প্রদান।
  • স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রতিটি ধাপে ট্র্যাকযোগ্যতা নিশ্চিত করে ব্যবসা সহজীকরণে সহায়তা।

উদ্বোধনী দিনে ড্যাশবোর্ডের তথ্যে দেখা যায়, বন্দরের বার্থ ইউটিলাইজেশন ৬৭ শতাংশ, যেখানে ২১টির মধ্যে ১৪টি বার্থ সচল রয়েছে। পাশাপাশি সিস্টেমে ১২৮টি জাহাজ রিয়েল-টাইমে ট্র্যাক করা হচ্ছে। এতে ম্যানুয়াল কাজের চাপ কমে কার্যকর ডিজিটাল রূপান্তর নিশ্চিত হবে বলে জানায় কর্তৃপক্ষ।