চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা।
বুধবার (২৬ ফেব্রয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরের অদূরে হাসিনা মার্কেটের কাছে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৫০) দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতিভাঙ্গা গ্রামের মৃত আলী বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক পেশায় ছানা ব্যবসায়ী। প্রতিদিনের মতো তিনি নিজের মোটরসাইকেলে করে হোটেলে ছানা বিক্রির জন্য চুয়াডাঙ্গায় গিয়েছিলেন। বিক্রি শেষে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে হাসিনা মার্কেটের কাছে এসে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিন ইসলাম জানান, দামুড়হুদায় সড়ক দুর্ঘটনার কবলে পড়া আব্দুর রাজ্জাককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
তবে এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় দায়িত্বরত এসআই শায়লা জানান, দুর্ঘটনায় নিহতের খবর তাদের জানা নেই।










