চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা না করে একনেকে উপস্থাপন করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে কমিটির প্রধান করা হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বেশিরভাগ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া হয়েছে। কিন্তু এখন আর এ সুযোগ নেই। বিশ্লেষণের পর অনেক প্রকল্প বাদ যাবে। বিগত দিনের প্রকল্পগুলোর ‘ক্লিনিং প্রসেস’ শেষ করে আগামী দিনে নতুন প্রকল্প আনা হবে।
তিনি জানান, দলের নির্বাচনী ইশতাহার ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে জনগণকে দেয়া প্রতিশ্রুতি যেন পূরণ করা যায়, সেভাবে এগোচ্ছে সরকার। নতুন প্রকল্প অনুমোদনের আগে নির্বাচনী ইশতাহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা বিবেচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, আগের সরকারের সময়ে নেয়া ১ হাজার ৩০০টির মতো উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে। এগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখা হবে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।










