এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৮৯ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৮০ টাকা। দেশের ইতিহাসে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। সর্বশেষ গতকাল প্রতি ভরি ভালো মানের স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকায়।
গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ২০ হাজার ৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৮ হাজার ২৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮১ হাজার ২২৮ টাকায় বিক্রি করা হবে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।










