ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের অংশীদার ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দেনা-পাওনা নিয়ে কোম্পানির বিরোধের বিষয়ে আরবিট্রেশনের প্রথম মিটিং হওয়া পর্যন্ত এ স্থিতাবস্থা বজায় থাকবে।
গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইতালিয়ান-থাই কোম্পানির করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।
আদালতে এদিন ইতালথাই কোম্পানির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন (অ্যাটর্নি জেনারেল), অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল। চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল), আর চায়না এক্সিম ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।
ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের শেয়ার স্থানান্তরের ওপর স্থিতাবস্থা তুলে দিয়ে ১২ মে রায় দেন হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে কোম্পানিটির পক্ষে আবেদন করা হয়, যা চেম্বার জজ আদালত হয়ে গত ১৬ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। তারই ধারাবাহিকতায় সেটি আজ শুনানি হয়েছে।










