রংপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় জামালপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও সিরাজগঞ্জে আরো চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রংপুর: নগরী থেকে নীলফামারীর কিশোরগঞ্জ যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। গতকাল সকালে সদর উপজেলার খলেয়াগঞ্জিপুর চেয়ারম্যান মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মেহেরুল (৩৫) নামে এক আনসার সদস্য মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কিশোরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক দিবা রানী সরকার (৪০) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমু আক্তার (২২) মারা যান।

গঙ্গাচড়া মডেল থানার এসআই জনক রায় জানান, আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পথে দিবা রানী ও রিমু আক্তার মারা যান।

জামালপুর: জেলার সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শান্ত মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সকালে পৌরসভার চরবাঙ্গালীপাড়ার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। সে ট্রাক্টরচালকের সহকারী হিসেবে কাজ করত। সরিষাবাড়ী থানার এসআই মুর্শিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ: জেলার ভুলতা গাউছিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশফিদ হাসান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আশফিদ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

কক্সবাজার: মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ তুষার (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ সময় শাহজাহান (২৩) নামে আরেক পর্যটক আহত হয়েছেন। গতকাল বিকালে রামুর হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বাসিন্দা।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল জানান, বিকাল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টায় ৩০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের মেরিন ড্রাইভের উদ্দেশে রওনা হন। হিমছড়ি পয়েন্টে পৌঁছলে টেকনাফের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষার মারা যান।

সিরাজগঞ্জ: ছাদ খোলা প্রাইভেট কারে সেতুর ভিডিও করার সময় লোহার পাইপের সঙ্গে আঘাত লেগে রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরের এসএস রোড এলাকার বন্ধু  মো. মঈনুদ্দিনকে সঙ্গে নিয়ে রবিউল আজিম তনু ও অন্য এক বন্ধু ভোরে ইলিয়ট সেতুর ওপর যান। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। রবিউল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে সেতুর ভিডিও করছিলেন। হঠাৎ তিনি সেতুর লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। বন্ধুরা তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।