ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সাহানা আক্তার।

বুধবার (৩ এপ্রিল) আলহাজ সাইদুর রহমান সহিদ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ডের ফরিদাবাদ লেন, হরিচরণ রায় রোড, বাহাদুরপুর লেন, লালমোহন পোদ্দার লেন, গেন্ডারিয়া, ডিআইটি প্লট ও শহীদনগর এলাকার বিভিন্ন পয়েন্টে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

দেড় হাজারের বেশি পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং ৬০০ এর বেশি মানুষকে ঈদের পোশাক বিতরণ করেন কাউন্সিলর। খাদ্যদ্রব্যের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর এবং পোশাকের মধ্যে লুঙ্গি, শাড়ি ও থ্রি পিছ বিতরণ করা হয়েছে।

অ্যাডভোকেট সাহানা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘‌আলহাজ সাইদুর রহমান সহিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরই আমরা রোজা ও ঈদে ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার নিম্ন আয়ের মানুষের জন্য রোজা ও ঈদ উপযাপন অনেক কষ্টের হয়ে পড়েছে। আমরা মানুষের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করে যাচ্ছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’