বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে আবারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কাদার। ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করা হয়। পরে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন বলে গতকাল জানায় বিএনপির মিডিয়া সেল। স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে শামীম ইস্কাদার বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা।’

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। একদিন পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় আনা হয়। সে সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনো বেশকিছু সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব তাকে বাইরে নিতে হবে।