বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া গাইবান্ধা, দিনাজপুর, চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
বগুড়া: শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি অটোরিকশাচালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের নাসিম (৩০)।
আহতরা হলেন—শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম জানান, ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলায় পৌঁছালে বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভটভটি থেকে ছিটকে পড়ে আব্দুর রশিদ নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। গতকাল সকালে উপজেলার রাজাহার ইউনিয়ন থেকে ভটভটিতে গরু নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রশিদ উপজেলার দেউলাবাড়ীর আব্দুল সোনারের ছেলে।
দিনাজপুর: বিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক মশিউর রহমান (৩৭) নিহত হয়েছেন। গতকাল বিকালে কাটলা-বিরামপুর সড়কের হরিহরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর শৈইলান গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক্টর নিয়ে জমি চাষ করছিলেন মশিউর। বিকালে বাড়ি ফেরার পথে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় চালক মশিউর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার।
চুয়াডাঙ্গা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইদ্রিস আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমডাঙ্গা উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন (৫২)। গতকাল সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাজ্জাদুল ইসলাম স্বপন জানান, ইদ্রিস আলীকে সঙ্গে নিয়ে তিনি চুয়াডাঙ্গা কোর্টে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পেছনে বসা ইদ্রিস আলী ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
চট্টগ্রাম: রাউজানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আবু তৈয়ব (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিল নগর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তৈয়ব রাঙ্গামাটির বেতবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোদারপাড় গ্রামের বাসিন্দা।
রাউজান হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই আবু তৈয়ব মারা গেছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।










