২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর তিন মেয়াদের ১৫ বছরে দেশের
গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশের বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত
অর্থবিলে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য
বাজেট প্রস্তাব পেশ করেন মন্ত্রী।
এ সময় তিনি জানান, গত দেড় দশকে মোট দেশজ উৎপাদন বা জিডিপির গড় প্রবৃদ্ধি
হয়েছে ৬ দশমিক ৭ শতাংশের বেশি। এ সময় দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ ও অতি দারিদ্র্যের
হার ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা ছয় গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ২৭৭
মেগাওয়াটে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বেড়ে ৭১ হাজারে এবং সরকারি ডাক্তারের
সংখ্যা তিনগুণ বেড়ে ৩০ হাজার ১৭৩ জনে উন্নীত হয়েছে। ১৪ হাজার ৩১১টি কমিউনিটি ক্লিনিক
নির্মাণ হয়েছে বলেও জানান আবুল হাসান মাহমুদ আলী।
তিনি আরো বলেন, স্বাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে ৭৬ দশমিক ৮ শতাংশে,
প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ৫৪ শতাংশ থেকে ৯৮ দশমিক ২৫ শতাংশে এবং কারিগরি শিক্ষায়
ভর্তির হার দশমিক ৮ শতাংশ থেকে ১৭ দশমিক ৮৮ শতাংশে উন্নীত হয়েছে।
মহাসড়কের পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে ৩২ হাজার ৬৭৮ কিলোমিটারে এবং
গ্রামীণ সড়ক প্রায় ৭৬ গুণ বেড়ে ২ লাখ ৩৭ হাজার ৪৪৬ কিলোমিটারে উন্নীত হয়েছে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, মোট রেলপথ ২ হাজার ৩৫৬ কিলোমিটার
থেকে দেড় গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ হাজার ৪৮৬ কিলোমিটার।
এ সময় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনগোষ্ঠীর দশমিক ২৩ শতাংশ
হতে বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ৫৫ শতাংশে উন্নীত হয়েছে।










