সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জবা রানী বিশ্বাস (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে নবীনগর-রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জবা রানী শিবপুর গ্রামের সূর্য বিশ্বাসের মেয়ে। সে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলে যাওয়ার পর খাবার কিনতে দোকানে যাচ্ছিল শিশুটি। এ সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নবীনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইল: ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়েছে। এতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারী দোকান ছিল তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি বাস দ্রুত গতিতে চলছিল। কুঠিবয়ড়া বাজারের মোড় পেরোনোর সময় এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা আব্দুল হালিমকে চাপা দিয়ে বসত ঘরের ওপর পড়ে যায়। এ সময় ঘরে থাকা তার শাশুড়ি ও পুত্রবধূ আহত হন।

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে বাসচাপায় মুনজুরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুরে এ দুর্ঘটনা ঘটে। মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান জানান, মহাসড়কের মায়ের আঁচল হোটেলের সামনে রাস্তা পার হচ্ছিলেন মুনজুরুল। এ সময় নগরবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর: রামগতিতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার রাত ১০টার দিকে রামগতি-বিবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামগতি উপজেলার পূর্ব চর রমিজ এলাকার আবদুর রবের ছেলে সাইফুদ্দিন আহমেদ (৩০) ও একই এলাকার আবুল কালাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশায় রামগতি থেকে বিবিরহাটের দিকে যাচ্ছিলেন সাইফুদ্দিন আহমেদসহ অন্যরা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাইফুদ্দিন আহমেদ। আহত হন আবুল কালাম ও শহীদ উদ্দিনসহ তিনজন। তাদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে মারা যান আবুল কালাম।

রামগতি থানার ওসি মো. মোসলেহ উদ্দিন জানান, ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ: বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালক। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজওয়ান সরদার (২৫) ওই গ্রামের মাসুদ সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।