সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সমাজসেবা অধিদপ্তরের অফিস কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকালে পরিদর্শনের সময় তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন।

একইসঙ্গে সমাজসেবা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সার্ভাইভার-সেন্টারড জিবিভি কেস ম্যানেজমেন্টবিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সমাজের বাস্তব চাহিদা এবং সময়ের সঙ্গে সংগতিপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন।

পরবর্তীতে তিনি সমাজসেবা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পরিচালিত শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি হেল্পলাইনে আসা কলের সংখ্যা, কলের ধরন এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত হন। তিনি হেল্পলাইনের প্রতিবেদন ব্যবস্থাকে আরো আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সফটওয়্যার আপগ্রেড করার নির্দেশনা দেন। এর মাধ্যমে সেবাগ্রহীতার তথ্য ও সেবার বিবরণ বিভাগ, জেলা ও উপজেলাভিত্তিক উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ্ মোহাম্মদ মাহবুব এবং অধিদপ্তরের অন্যান্য পরিচালকরা, সিএসপিবি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।