ফরিদপুরের করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় গতকাল সকালে চারজন রোগীর মৃত্যু হয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে এসব রোগী অক্সিজেনের অভাবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে চারজনের মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়।
হাসপাতালের আইসিইউতে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তার বৃদ্ধা মা ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অক্সিজেনের ব্যবস্থা করতে বলেন। এ সময় অক্সিজেন সরবরাহে বিঘ্ন হওয়ায় কিছু রোগী মারা যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এর ১০ মিনিটের মধ্যেই চারজন রোগী মারা যায়।
ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় অক্সিজেন কমে গেলে নতুন করে অক্সিজেন ঢোকাতে হয়। এজন্য কিছু সময় প্রয়োজন হয়। তিনি বলেন, নতুন করে অক্সিজেন প্রবেশের সময় অক্সিজেনের চাপ বেড়ে যেতে পারে এজন্য কমিয়ে নেয়া হয়। এ কারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে।









