বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
গতকাল অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ‘রেজ অব হোপ: ডেলিভারিং অন দ্য প্রমিজ অব ক্যান্সার কেয়ার’ শীর্ষক বৈজ্ঞানিক ফোরাম-২০২৬-এ বক্তব্য প্রদানকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেশে ক্রমবর্ধমান ক্যান্সারের বোঝা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ অর্জনে বাংলাদেশ অবদান রাখতে চায়।’
মন্ত্রী বলেন, ‘টেকসই ক্যান্সার চিকিৎসার জন্য শুধু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ, রোগ নির্ণয়, চিকিৎসা, দক্ষ মানবসম্পদ, গুণগত মান নিশ্চিতকরণ এবং প্যালিয়েটিভ কেয়ারসহ একটি সমন্বিত ও রোগীকেন্দ্রিক ব্যবস্থা।’
আইএইএ ও এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ‘রেজ অব হোপ’ উদ্যোগের প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণের জন্য বাস্তব ও দীর্ঘস্থায়ী সুফলে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।









