জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) যশোরের নতুন পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মাহমুদুল হাসান। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ওয়ালিউর রহমান খান। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্যদের ভোটে ২০২৪ সালের পরিচালনা পর্ষদের জন্য তারা নির্বাচিত হন।

এর আগে চতুর্থ সাধারণ পরিষদের সভা যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেসিআই যশোরের বর্তমান সভাপতি ব্যারিস্টার শেখ মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল বিডিসি চেয়ারপারসন ফজলে মুনিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব শেখ মাহমুদুল হাসান।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি-২ মো. ফাহিম রেজা, মহাসচিব আরাফাত হোসেন শোভন, সাধারণ আইনি পরামর্শক শেখ সুবর্ণা রসূল এবং কোষাধ্যক্ষ শাকিল আহমেদ।

জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে এর সদর দপ্তর। বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় পাঁচ হাজার সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে।