উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা। গত ৩০ নভেম্বর হতে আজ রোববার পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায়। জেলার তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রিতে ওঠানামা করছে।

আজ সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। সকাল ৯টায় নয় দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত দশদিন ধরে ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে রয়েছে।

শুধু কুয়াশার কারণে শীতের ব্যাপকতা ঘটছে তা নয়। শীতের শুরু থেকেই দিনের বেশিরভাগ সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। একই সঙ্গে প্রবল বাতাসেও ব্যাপক শীত অনুভূত হয়।

সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। সকাল নয়টা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হয় নিম্ন আয়ের মানুষদের। কুয়াশার সাথে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটে, বেলা বাড়লেও রোদের উত্তাপ বোঝা যায় না। গরম কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে নিম্ন আয়ের মানুষজন পড়েন বেশ ভোগান্তিতে।

আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তেতুঁলিয়ার প্রথম শ্রেণি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমছে পঞ্চগড়ে। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি। ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরো কমে গিয়ে শৈত্যপ্রবাহ নামতে পারে।