জাল সনদপত্র ও ভুয়া ব্যাংক স্টেটমেন্টকে বিদেশগামী বাংলাদেশীদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এটি অপরাধমূলক কর্মকাণ্ড।
বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের কর্মীরা ভাবে যে, জাল সনদ এবং অদক্ষতা নিয়ে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হল। ফলে অনেকগুলো দেশে একইসঙ্গে ভিসা জটিলতা হচ্ছে। জাপানের ভিসা আবেদনের জন্য এপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, এটার একটা কারণ ভুয়া সার্টিফিকেট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট। এই জন্য এখন শাস্তির ব্যবস্থা জরুরি।










