পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুস বাণিজ্যের দায়ে সাময়িক বরখাস্ত হওয়া এসআই মেহেদী হাসানকে এবার এক নারীকে কুপ্রস্তাবসহ জিম্মি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী ওই নারীর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত এসআই মেহেদীকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার সাময়িক বরখাস্ত হওয়া এসআই মেহেদী এক নারীর অশ্লীল ছবি জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ঘটনায় ওই নারী কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী এসআই আরাফাত হাসান জানান, গতকাল দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।