রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টায় জিলা স্কুল মোড় থেকে জিলা স্কুল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি সিটি করপোরেশন, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, শাপলা চত্ত্বর, লালবাগ এলাকায় এলে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা যোগ দেন। বিশ্ববিদ্যালয় গেটের সামনে প্রায় ৫ হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রলীগ অবস্থান করায় দুপুর ২টা ১০ মিনিটে লাঠিসোটা নিয়ে তাদের দিকে তেড়ে আসেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। সংঘর্ষে ৬ সাংবাদিক, পুলিশ ও শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন আহত হন।

পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থীদের একটি গ্রুপ ক্যাডেট কলেজ ও আরেকটি গ্রুপ পার্কের মোড়ের দিকে অবস্থান নিয়েছে এবং থেমে থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ছে। বিকাল ৩টার দিকে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকায় এলে বেরোবি ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে। বর্তমানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।