ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায়  পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে গাজীপুর, ময়মনসিংহের হালুয়াঘাট ও তারাকান্দায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো শরিফ, মিয়া হোসেন, মিজান, রোকন ও হামিদ।  এদের মধ্যে এজাহারভুক্ত আসামি চারজন ও আরেকজন সন্দেহভাজন। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

পুলিশ সুপার বলেন, ঘটনার পর যখন জানতে পারি তখনই আমরা ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দায়ের করতে বলি। পরে তারা মামলা করেন। সুতরাং প্রথম অবস্থায় মামলা রেকর্ড করতেই কয়েকদিন সময় অতিবাহিত হয়েছে। এই দীর্ঘসূত্রতার সুযোগে অভিযুক্তরা গা-ঢাকা দেয়।

তবে থানা পুলিশের সহযোগিতায় ডিবির একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামি ও এক সন্দেহভাজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পলাতক থাকা বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। এদিকে প্রযুক্তিগত সহায়তায় এ ঘটনার মূল অভিযুক্ত সোলায়মান হোসেন রিয়াদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এদিকে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১০ আসামিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনগুলোর ঐক্য পরিষদের (ইউসিজিএম) মহাসচিব ও আদিবাসী নেতা লেখক গবেষক অরণ্য ই. চিরান।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি মনিরা বেগম অনু, গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রতিনিধি শ্যাম আতিওয়ারা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সভাপতি বাহাউদ্দিন শুভ, সারা সংস্থার ফাইন্যান্স অফিসার রফিকুল আজাদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সমন্বয়কারী মো. আবুল কাসেম (মুছা), লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফর ভালনারেবল সোসাইটির সভাপতি অঞ্জন সরকার, ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) ঢাকা মহানগর উত্তরা থানা শাখার চেয়ারম্যান প্রসাদ চাম্বুগং, নারী যোগাযোগ কেন্দ্রের সমন্বয়কারী সুলতানা রাজিয়া অপি, আদিবাসী নেতা গ্রেনার মারাক, দিনাজপুর বাংলাদেশ খ্রিস্টান মহাজোট সংগঠনের সভাপতি সুমা রোজারিও, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অন্তর হাজং প্রমুখ। সমাবেশে বক্তারা বাকি আসামিদের অবিলম্বে গ্রেফতার, আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণ ও ভিকটিমদের নিরাপত্তা প্রদান করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।