অস্ট্রিয়ার ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট-২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইন্টারপোল যৌথভাবে ১৬ ও ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সামিটের আয়োজন করেছে।

সামিটে অংশ নিতে রোববার (১৫ মার্চ) বিকেলে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ স্বরাষ্ট্রমন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লিজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করছেন।