দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন কিন্তু পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে তিনি কখনো পালিয়ে যাননি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৭ মার্চ) দুপুরে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অন্যায়ের সঙ্গে আপস করার চাইতে বঙ্গবন্ধু কারাবরণকেই স্বাচ্ছন্দে গ্রহণ করতেন জানিয়ে শেখ তাপস বলেন, বঙ্গবন্ধু কখনো ভয় পেতেন না। যত রকম অত্যাচার-নির্যাতনই করা হোক না কেন অন্যায়ের সাথে আপস করতেন না। তিনি অনেকবার কারাবরণ করেছেন কিন্তু একবারও পালাননি।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় 'ক (প্রাথমিক শ্রেণি)' ও 'খ (মাধ্যমিক শ্রেণি)' বিভাগে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, করপোরেশনের মেয়র প্যানেলের ১ নং সদস্য ও ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, সমাজকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলোসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এর আগে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এবং নগর ভবনস্থ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।