গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। আর এ সুযোগে একের পর এক প্রাণী চুরির ঘটনা ঘটছে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার তিনটি আফ্রিকান লেমুর চুরি হয়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ মার্চ রাতে পার্কে থাকা তিনটি লেমুর চুরি হয়ে যায়। এর মধ্যে দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো লেমুর উদ্ধারে কোনো পদক্ষেপ বা অগ্রগতি দেখা যায়নি।
২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ূর, দুটি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টম হাউজ। উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তী সময়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
পার্ক-সংশ্লিষ্টরা বলছেন, গত ৫ আগস্টের পর থেকেই সাফারি পার্কে অব্যবস্থাপনা বিরাজ করছে। একের পর এক প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মচারীর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কাউকে জবাবদিহিতার আওতায় আনেনি। গত বছরের নভেম্বরে দুটি ম্যাকাও পাখি চুরি হয় এবং চলতি বছরের ১৬ জানুয়ারি একটি নীলগাই নিখোঁজ হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘পার্ক থেকে তিনটি লেমুর চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।’









