নরসিংদীর রায়পুরায় চাঁদা না দেয়ায় একটি সুপার মার্কেটের মালিক ব্যবসায়ী নান্নু মিয়াকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। গতকাল দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নান্নু মিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে হামলার শিকার নান্নু মিয়ার ছেলে দুলাল মিয়া অভিযোগ করে জানান, সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী রুবেল বাহিনী রাজ সুপার মার্কেটের মালিক তার বাবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় গত ২০ ফেব্রুয়ারি ব্যবসায়ী নান্নু মিয়াকে কুপিয়ে জখম করে রুবেল ও তার সহযোগী সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করেন। এতে রুবেল বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে পরিবারের অন্য সদস্যদেরও হত্যা ও বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে আসছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। অবিলম্বে মূল হোতা রুবেলসহ জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম জানিয়েছেন, হামলার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রুবেলসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।